আসানসোলে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে মলয়-অভিজিৎ শিবিরে উচ্ছ্বাস; রোড শোয়ে তারকা চমক দেব!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দলের দুই হেভিওয়েট প্রার্থী—রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং তাঁর ভাই, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ঘিরে শহরজুড়ে ছিল রাজনৈতিক উত্তাপ, আর সেই আবহে বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন টলিউড সুপারস্টার দেব।
বেলা ১২টা ২০ মিনিটের আগেই আসানসোল মহকুমাশাসক (সদর) দফতরে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেন মলয় ঘটক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক-সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। মনোনয়ন জমার পরই শুরু হয় জোরকদমে রোড শো, যেখানে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব।দুপুর সাড়ে বারোটার কিছু আগে আসানসোলের এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে দেবের হেলিকপ্টার। সেখানে মলয় ঘটক নিজে পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর হুড খোলা গাড়িতে মলয় ঘটকের পাশে দাঁড়িয়ে রামসায়ের ময়দান থেকে রোড শো শুরু করেন দেব।তারকা প্রার্থীর পাশাপাশি সুপারস্টার দেবকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আসানসোল গ্রাম পরিক্রমা করে এসবি গড়াই রোড হয়ে আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য রোড শো।নির্বাচনের আগে এই মনোনয়ন পর্ব এবং তারকা উপস্থিতির মাধ্যমে আসানসোলে তৃণমূল যে জনসমর্থনের বার্তা তুলে ধরতে চাইছে, তা এদিনের কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে।