লোকসভা হারের ক্ষত মুছতে ময়দানে দেবাংশু, চুঁচুড়ায় নতুন লড়াইয়ের বার্তা—টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অসিত মজুমদার!
নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে তাঁর নাম ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছিল। যদিও সেই সময় সুযোগ মেলেনি, কিন্তু লোকসভা নির্বাচনে শেষমেশ প্রার্থী করা হয় তাঁকে। তবে সেই লড়াইয়ে জয় অধরাই থেকে যায়। তবুও আস্থা হারায়নি দল। ফের দায়িত্ব দিয়ে বিধানসভার ময়দানে নামাল তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে।চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন দেবাংশু। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই মঞ্চ থেকেই আগামী পাঁচ বছরের পরিকল্পনার রূপরেখাও স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়েই ‘নতুন চুঁচুড়া’ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।চুঁচুড়ায় পৌঁছতেই বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান দেবাংশু। তিনি বলেন, “চুঁচুড়ার মানুষ যথেষ্ট সচেতন। তাঁরা যেমন চুঁচুড়াকে দেখতে চান, সেই প্রত্যাশা পূরণে আমি দলীয় নেতৃত্ব ও স্থানীয়দের সঙ্গে নিয়েই কাজ করব।”অন্যদিকে, এই কেন্দ্রে টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অসিত মজুমদার। হতাশা লুকোতে না পেরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “রাজনীতি আর করব না। আপাতত রাজনীতি থেকে বিশ্রাম নিচ্ছি।” তাঁর এই মন্তব্যে চুঁচুড়ার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।