সংসদের সেন্ট্রাল হলে ‘Know Your Leader’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেবায়ন!

নিজস্ব সংবাদদাতা : মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হল ‘Know Your Leader’ কর্মসূচি। দেশজুড়ে UGC ও উচ্চশিক্ষা ক্ষেত্রের মাধ্যমে নির্বাচিত ৩৪ জন প্রতিনিধির মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিনিধি হিসেবে দেবায়নের সংসদে এই কর্মসূচিতে অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষ গর্বের মুহূর্ত।

জাতীয় স্তরের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন-সহ বহু সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব।অনুষ্ঠানে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দেবায়ন-সহ অংশগ্রহণকারীরা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষ পরিদর্শন করেন। পাশাপাশি ইন্ডিয়া গেটও পরিদর্শন করেন তাঁরা।জাতীয় স্তরের এই কর্মসূচিতে অংশগ্রহণ দেবায়ন চক্রবর্তীর শিক্ষাজীবনে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তাঁর এই সাফল্যে গর্বিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও।