ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে কলকাতায় রাষ্ট্রীয় নৈশভোজ, ফুটবল উন্মাদনা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ২ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজ (State Dinner)। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভারত সফরে আসা ব্রাজিল ও উরুগুয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও।

এই নৈশভোজের মধ্য দিয়েই কলকাতায় শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ঘিরে বিশেষ আবহ। ফুটবলপ্রেমীদের নজর এখন যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩ অক্টোবর যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এরপর ৬ অক্টোবর একই মাঠে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

ইতিমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে কলকাতায় এসে পৌঁছেছে উরুগুয়ে দল। অনুশীলন ও প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে এখন বাড়ছে দুই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে উত্তেজনা।ব্রাজিলের তারকা ফুটবলারদের এক ঝলক দেখার অপেক্ষা থেকে শুরু করে উরুগুয়ের বিরুদ্ধে ভারতের লড়াই—সব মিলিয়ে কলকাতায় এখন ফুটবল উৎসবের আবহ। যুবভারতীতে পরপর দুই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহরের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে।