শুভেন্দুর কনভয়ে হামলা, ৯ মাস পর গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা
অভিজিৎ সাহা: গতবছর কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় তৎকালীন বিরোধী দলনেতা Suvendu Adhikari-র কনভয়ে হামলার ঘটনায় নতুন মোড়। দীর্ঘ ন’মাস পর ওই মামলায় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।পুলিশের দাবি, তদন্তে উঠে আসা তথ্য এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও ধৃত নেতার নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়িও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই সময় ঘটনাস্থল থেকেই সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।নতুন করে তৃণমূল নেতার গ্রেপ্তারির পর ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, তদন্ত এগোলে আরও বড় চক্রান্ত সামনে আসতে পারে। যদিও এই গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।রাজনৈতিক মহলের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো একাধিক মামলায় প্রশাসনিক তৎপরতা বাড়ছে। আর সেই আবহেই ফের শিরোনামে উঠে এল কোচবিহারের এই বহুচর্চিত কনভয় হামলা মামলা।