পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির, পড়ুয়াদের পাশে থাকার বার্তা পুলিশের!
অভিজিৎ সাহা : বাল্যবিবাহ রুখতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। বুধবার কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবির’-এ পড়ুয়াদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী নিরাপত্তা এবং আইনি বিষয়গুলি সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং ছাড়াও পিনাকী দাস ভৌমিক, বৈশাখী ঘোষ, সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ, পুষ্পেন্দু চক্রবর্তী-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।শিবিরে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার এসআই তরুণ কুমার হাজরা, এএসআই, ভিলেজ পুলিশ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন এসআই তরুণ কুমার হাজরা।
বিশেষ করে ছাত্রীদের কম বয়সে বিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতির দিকগুলি তুলে ধরেন তিনি। পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।পড়াশোনা চালিয়ে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পড়ুয়াদের উৎসাহিত করেন পুলিশ আধিকারিক। কোনও ধরনের সমস্যা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।বাল্যবিবাহ প্রতিরোধে শুধু পড়ুয়া নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। নারী নিরাপত্তা এবং সরকারি সহায়তার বিভিন্ন দিক নিয়েও পড়ুয়াদের সচেতন করা হয়।