চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম, বেলদা স্টেশনে তৎপর রেল পুলিশের মানবিক উদ্যোগে রক্ষা মা–শিশু!

নিজস্ব সংবাদদাতা : চলন্ত ট্রেনের কামরাতেই কন্যাসন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী। ৪ঠা মার্চ বুধবার বিকেলে এসএমভিটি ১২৮৬৪ ব্যাঙ্গালোর–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যশবন্তপুর এক্সপ্রেস)–এ ঘটে এই ঘটনাটি। হঠাৎ এই ঘটনার জেরে ট্রেনের কামরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রেল পুলিশের তৎপরতায় মা ও সদ্যোজাতকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম-এর দারাঙ জেলার ডালগাঁও এলাকার বাসিন্দা ৩৫ বছরের কচিরান নেশা স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটক-এ বসবাস করতেন। বাহারুল সেখানে চা বাগানে কাজ করেন। প্রসবের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় গত ৩ মার্চ তাঁরা নিজের রাজ্যে ফেরার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করেন।ট্রেনটি বালেশ্বর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই কচিরান নেশার প্রসব বেদনা শুরু হয়। সেই সময় সহযাত্রী কয়েকজন মহিলার সহায়তায় ট্রেনের কামরাতেই জন্ম নেয় কন্যাসন্তান। ঘটনাটি জানতে পেরে টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশকে খবর দেন।পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশন-এ থামানোর ব্যবস্থা করা হয়। সেখানেই মা ও নবজাতককে ট্রেন থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান রেল পুলিশ ও কর্তব্যরত কর্মীরা।স্বামী বাহারুল জানান, চিকিৎসকেরা এই সপ্তাহেই সন্তানের জন্মের সম্ভাব্য সময় জানিয়েছিলেন। সেই কারণেই তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। রেলের দ্রুত ও মানবিক উদ্যোগে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে পরিবারটি।