বেলুড় মঠে কুমারী পুজোয় সামিল রাজ্যপাল, নারীশক্তির আরাধনায় বিশেষ বার্তা!

নিজস্ব সংবাদদাতা: পুণ্যলগ্নে সপরিবারে বেলুড় মঠে উপস্থিত হয়ে কুমারী পুজোয় অংশ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। সহস্রাধিক ভক্তের সঙ্গে পুজোয় সামিল হয়ে কুমারীর মধ্যে আদি শক্তি মা দুর্গার আরাধনা করেন তিনি।ভারতীয় সভ্যতা ও আধ্যাত্মিক ঐতিহ্যে কুমারী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।

কন্যাসন্তানের মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রকাশ উপলব্ধি করে তাঁকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে বন্দনা করা হয়। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের উদ্যোগে কুমারী পুজোর প্রচলন এই ঐতিহ্যকে বিশেষ তাৎপর্য প্রদান করেছে।

এই উপলক্ষে নারীশক্তির গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল জানান, বর্তমান সময়ে কন্যাদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের মধ্যে এই চিরন্তন ভাবনার প্রতিফলন দেখা যায়। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দেশের অগ্রযাত্রায় নারীশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক চেতনা এবং নারীশক্তির প্রতি শ্রদ্ধার মেলবন্ধনে মহাষ্টমীর এই কুমারী পুজো বিশেষ তাৎপর্য বহন করে।