বাংলাদেশে গণতন্ত্রের মহাপরীক্ষা: কঠোর নিরাপত্তায় বুথে বুথে ভোট, নজরে গোটা বিশ্ব!

নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার ভোর থেকেই দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল পর্যন্ত। একই দিনে বহুল আলোচিত ‘জুলাই সনদ’ নিয়ে ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, ফলে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দেশ।

সকাল থেকেই ঢাকা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, রাজশাহী-সহ বিভিন্ন জেলায় ভোটকেন্দ্রের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বড় ধরনের সহিংসতার খবর মেলেনি এবং সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে।তবে সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে চারজনকে জরিমানা করা হয়েছে এবং এক প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের ফলাফল ঘিরে দেশজুড়ে যেমন উত্তেজনা, তেমনই রয়েছে নতুন সূচনার প্রত্যাশা। বিশ্লেষকদের মতে, এবারের ভোট শুধু সরকার গঠনের নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিকনির্ধারণেরও বড় পরীক্ষা।