নিজস্ব সংবাদদাতা:দেশজুড়ে ফের ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু, পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) নিয়ে বৈষম্যের অভিযোগ-সহ একাধিক দাবিতে সেপ্টেম্বর থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর একদিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট হবে। এরপর ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলি নিয়ে সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু রেখে প্রতিটি শনিবার ও রবিবার ছুটি দিতে হবে। ২০২৪ সালের ১২তম দ্বিপাক্ষিক চুক্তি (Bipartite Settlement)-তে পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থার প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হলেও, সরকারি অনুমোদনের বিষয়টি এখনও ঝুলে রয়েছে বলে ইউনিয়নগুলির অভিযোগ।ধর্মঘটের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা PLI। UFBU-র অভিযোগ, ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের জন্য PLI-এর বর্তমান কাঠামোয় বৈষম্য তৈরি হচ্ছে। দাবিগুলি নিয়ে সমাধান না হলে অক্টোবরের শেষ সপ্তাহে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবে। তার প্রভাব পড়তে পারে উৎসবের মরশুমেও। দুর্গাপুজোর পরেই শুরু হয় দীপাবলি-সহ একাধিক উৎসব। সেই সময়ে নগদ লেনদেন, চেক সংক্রান্ত কাজ, শাখায় গিয়ে বিভিন্ন পরিষেবা নেওয়া এবং অন্যান্য ব্যাঙ্কিং কাজে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।