বিধানসভা ভোটের আগে বাঁকুড়ায় কড়া নিরাপত্তা, রুট মার্চে নামল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী (CAPF) ও রাজ্য পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় আস্থা অর্জনকারী রুট মার্চ শুরু করেছে।জেলার নির্বাচন আধিকারিক (DEO) এবং পুলিশ সুপার (SP)-এর উপস্থিতিতে এই রুট মার্চ পরিচালিত হচ্ছে।

বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে জোরদার টহলদারি চালানো হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামতও নেওয়া হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য আগাম প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।