‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!

সুমন মণ্ডল : পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের অবদান কতখানি, সেই বার্তাই দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা হয়েছে।পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুধু প্রতিমা দর্শন নয়, থিমের অন্তর্নিহিত সামাজিক বার্তাও মানুষের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা।পুজো কমিটির আশা, ‘স্রষ্টা’ থিমের মাধ্যমে সন্তানদের মধ্যে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ আরও জোরদার হবে। বিশেষ করে বৃদ্ধ বয়সে বাবা-মায়ের প্রতি অবহেলার প্রবণতা কমাতে এই উদ্যোগ কিছুটা হলেও সচেতনতা গড়ে তুলবে। উৎসবের আনন্দের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের এই ভাবনা দুর্গোৎসবে এক বিশেষ মাত্রা যোগ করেছে।