বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড বারুইপুর থানার আইসি ও সাব-ইনস্পেক্টর!
অভিজিৎ সাহা: ভোটের ফলপ্রকাশের পর বিজেপি প্রার্থীকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার Baruipur থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব-ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে।অভিযোগ, গত ৫ মে ভোটের ফল ঘোষণার পরের দিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী Biswajit Pal-কে প্রকাশ্যে মারধর করে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় বলে দাবি, থানার আইসি সমর দে-সহ কয়েক জন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে জোর করে গাড়িতে তুলছেন। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।বিজেপির অভিযোগ, ফলপ্রকাশের পর এলাকায় ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় রাস্তায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়েই বিনা প্ররোচনায় তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ পাল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বারুইপুর থানার আইসি ও সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, ভোট-পরবর্তী পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ্যে আসেনি।