মেদিনীপুরে ব্যানার-বিতর্কে চড়ল রাজনৈতিক পারদ, রোড শোর আগে গোলকুয়াচকে বিজেপির পথ অবরোধ!

সেখ ওয়ারেশ আলী : শুক্রবার, ১০ই এপ্রিল সকাল মেদিনীপুর শহরের গোলকুয়াচক এলাকায় নির্বাচনী প্রচার ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের ব্যানারের উপর তৃণমূল প্রার্থী সুজয় হাজরার ব্যানার লাগানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত নিজেও।বিজেপির দাবি, প্রতিদ্বন্দ্বী দলের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিভঙ্গের শামিল এবং পরিকল্পিতভাবে প্রচারে বাধা সৃষ্টি করার চেষ্টা।

অবিলম্বে বিতর্কিত ব্যানার সরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শঙ্কর গুছাইত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়তি উত্তেজনা ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়।উল্লেখযোগ্যভাবে, শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরে কলেজ ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় রোড শো হওয়ার কথা রয়েছে।

মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে আয়োজিত এই রোড শো কলেজ মাঠ থেকে শুরু হয়ে বটতলা, নিমতলা, স্কুল বাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার কারবালা ময়দান সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।এই কর্মসূচিকে সামনে রেখে শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় তৃণমূল কর্মীরা পতাকা, পোস্টার এবং ব্যানার লাগানোর কাজ শুরু করেন। সেই সময়ই গোলকুয়াচকে বিজেপি প্রার্থীর আগে থেকে লাগানো ব্যানারের উপর তৃণমূলের ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। রোড শোর কয়েক ঘণ্টা আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।