পাস না পেয়ে প্রধানমন্ত্রীর সভায় বেলদায় তাণ্ডব!

অভিজিৎ সাহা : প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি—তার মধ্যেই বাংলার মাটিতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। তবে সভাকে কেন্দ্র করে বেলদায় তৈরি হল বিতর্ক ও উত্তেজনা। অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় প্রবেশের পাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির এক প্রাক্তন মণ্ডল সভাপতি। সেই ক্ষোভ থেকেই তিনি বেলদায় দলের জেলা কোষাধ্যক্ষের উপর হামলার চেষ্টা করেন।

এমনকি বাঁশ নিয়ে মারতে উদ্যত হন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও, সময়মতো হস্তক্ষেপ করে বড়সড় অঘটন এড়ানো যায়। মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত ঘটনাস্থলে উপস্থিত থেকে ওই নেতাকে আটকান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা, উঠছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও প্রশ্ন।