বেলদার কেশিয়াড়ি মোড়ে ভেঙে পড়ল রেলগেট, তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ!
সুমন মান্না : পশ্চিম মেদিনীপুরের বেলদা-কেশিয়াড়ি সংযোগকারী অন্যতম ব্যস্ত সড়কের কেশিয়াড়ি মোড়ে অবস্থিত রেলগেটটি বুধবার সকালে আচমকাই বিকল হয়ে ভেঙে পড়ে। এর জেরে সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল ও সাধারণ মানুষের পারাপার। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলগেট বিকল হয়ে যাওয়ার ফলে বেলদা বাসস্ট্যান্ড থেকে কেশিয়াড়ি মোড় পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। দীঘা, সনাকোনিয়া থেকে নয়াগ্রাম ও গোপীবল্লভপুরগামী একাধিক বাস রাস্তায় আটকে পড়ে। অফিসগামী কর্মী, ছাত্রছাত্রী এবং জরুরি কাজে বের হওয়া মানুষজনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনেরা। অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনও যানজটের কারণে সমস্যার মুখে পড়ে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেশিয়াড়ি মোড়ের এই রেলগেটে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে মাঝেমধ্যেই দীর্ঘ সময় ধরে গেট বন্ধ থাকে এবং যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ।রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই গেটটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতির ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যান নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করে দ্রুত সমস্যার সমাধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলে জানানো হয়।রেলগেট বিকলের ঘটনায় ফের সামনে এল এলাকার দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।