আজও ভিজবে বাংলা: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।