বিশ্বমঞ্চে বাংলার গর্ব—মেমারির গোপাল সাহার হাত ধরে আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রথম স্থান!

অভিজিৎ সাহা: শিক্ষাক্ষেত্রে আবারও বিশ্বদরবারে উজ্জ্বল হল বাংলার নাম। পূর্ব বর্ধমানের মেমারির একাদশ শ্রেণির ছাত্র গোপাল সাহা ‘এসওএফ আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াড’-এ প্রথম স্থান অধিকার করে বিশ্বসেরার সম্মান অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৭২টি দেশের অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তাঁর এই অনন্য কৃতিত্ব।Science Olympiad Foundation-এর আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন গোপাল। মশাগ্রাম স্টেশন বাজার এলাকার বাসিন্দা এই মেধাবী ছাত্র ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর বাবা প্রভাস সাহা পেশায় ব্যবসায়ী এবং মা জয়ন্তী সাহা গৃহবধূ—ছেলের এই সাফল্যে পরিবারে এখন উৎসবের আবহ।বিদ্যালয় Crystal Model School সূত্রে জানা গিয়েছে, নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই গোপাল এই সাফল্যের শিখরে পৌঁছেছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ অরুণকান্তি নন্দী বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। গোপালের এই সাফল্য সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন।”এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আয়োজক সংস্থা একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। আগামী ২৪ মে Dr. Ambedkar International Centre-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গোপালকে সম্মানিত করা হবে। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি।শিক্ষা মহলের মতে, গোপালের এই সাফল্য শুধু পূর্ব বর্ধমান বা মেমারির গর্ব নয়, বরং সমগ্র রাজ্য ও দেশের ছাত্রছাত্রীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।