বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির সতর্কতা, জলমগ্ন রাস্তা ও যানজটে বাড়ছে ভোগান্তি!

নিজস্ব সংবাদদাতা : আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, স্বল্প সময়ে অতিভারী বৃষ্টিপাত হলে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেখানে জল নিষ্কাশন ব্যবস্থা দুর্বল, সেই এলাকাগুলি বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।গত কয়েকদিনে বেঙ্গালুরুতে একাধিক দফায় বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। এতে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও শহরের পরিকাঠামোগত দুর্বলতা, বিশেষ করে নিকাশি ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

অল্প সময়ের প্রবল বৃষ্টিতেই তথ্যপ্রযুক্তি-নির্ভর এই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।