হলুদ পাঞ্জাবিতে সাইকেল রাইড, দিঘার মেরিন ড্রাইভে নজর কাড়ল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’
নিজস্ব সংবাদদাতা :দুর্গাপুজোর আনন্দ, বাঙালির ঐতিহ্য এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দিঘার মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’-এর দ্বিতীয় দিনের কর্মসূচি। ১১ অক্টোবর আয়োজিত এই বিশেষ সাইকেল রাইডে ২০০-রও বেশি যুবক ও সাইকেলপ্রেমী অংশগ্রহণ করেন। হলুদ পাঞ্জাবি পরে সমুদ্রের মনোরম পরিবেশে সাইকেল চালানোর দৃশ্য নজর কাড়ে পর্যটক ও স্থানীয়দের।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং ফিট ইন্ডিয়ার উদ্যোগে, ‘কেয়ার অফ খেজুরি’র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্দের সঙ্গে শরীরচর্চা ও পরিবেশবান্ধব যাতায়াতের অভ্যাসকে যুক্ত করা। সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়ার পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
হলুদ পাঞ্জাবিতে সজ্জিত সাইকেল আরোহীদের সমুদ্রের পাশ দিয়ে এগিয়ে চলার দৃশ্য কর্মসূচিতে অন্য মাত্রা যোগ করে। সাইকেল রাইড শেষে অংশগ্রহণকারীরা কাছাকাছি একটি দুর্গাপুজোর প্যান্ডেলে পৌঁছে পুজোর আনন্দে শামিল হন। এভাবেই সাইক্লিংয়ের সঙ্গে বাংলার শারদোৎসবের মেলবন্ধন ঘটিয়ে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল দিঘা।
কর্মসূচিকে কেন্দ্র করে দিঘায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও সাইক্লিং নিয়ে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়। আয়োজকদের এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নিয়মিত শরীরচর্চা, পরিবেশবান্ধব জীবনযাপন এবং বাঙালির ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরার বার্তা পৌঁছে দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিট ইন্ডিয়ার স্টেট সাইক্লিং লিডার সন্দীপন সরকার এবং পূর্ব মেদিনীপুর জেলার সক্রিয় সাইক্লিং উৎসাহী শুভ্রজিৎ পণ্ডা। পাশাপাশি কর্মসূচির সফল আয়োজনে পুলিশও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।সব মিলিয়ে, ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’-এর এই উদ্যোগ উৎসবের আবহে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক অভিনব প্রয়াস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করেছে।