ডার্বি দেখতে গিয়েই বড় ঘোষণা- যুবভারতীতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন ক্রীড়ামন্ত্রী !
নিজস্ব সংবাদদাতা : রবিবার যুবভারতীতে অনুষ্ঠিত হয় মরসুমের অন্যতম বড় ডার্বি ম্যাচ। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দুই দলই দুর্দান্ত খেলেছে। মাঠে বসে ডার্বি দেখার অভিজ্ঞতা অসাধারণ। দর্শকদের উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো।” তবে শুধুই ফুটবল নয়, যুবভারতীর ভবিষ্যৎ পরিকাঠামো নিয়েও বড় ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর বক্তব্য, স্টেডিয়ামকে আরও আধুনিক করে তোলা হবে। দর্শকদের সুবিধার জন্য তৈরি হবে অত্যাধুনিক ফুড কোর্ট। সেখানে খাবারের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালাবেন ফুড টেস্টিং অফিসাররা। এদিন ফের উঠে আসে বহুল বিতর্কিত ‘মেসি কাণ্ড’-এর প্রসঙ্গও। উল্লেখ্য, লিওনেল মেসি-কে ঘিরে যুবভারতীতে হওয়া অনুষ্ঠানে বহু দর্শকের ক্ষোভ, বিশৃঙ্খলা এবং অর্থ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে নিশীথ বলেন, “যাঁরা কষ্টের টাকা খরচ করে এসে অপমানিত হয়েছেন, তাঁদের ন্যূনতম সম্মান ফিরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ক্রীড়ামন্ত্রক সাহায্য করবে।”
যুবভারতীর বাইরের মূর্তি নিয়ে মন্তব্য করেন। ক্রীড়ামন্ত্রীর কটাক্ষ, “এরকম বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল! আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল। তারপর মেসি কাণ্ড হল, সরকারও চলে গেল। এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, কোনও মানে নেই, সেটা আমরা রাখব না। পরিবর্তন করব।”