ইবোলা আতঙ্কে বড় সিদ্ধান্ত! স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক

নিজস্ব সংবাদদাতা : আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এই উদ্বেগজনক পরিস্থিতির জেরে স্থগিত করা হল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সরকার ও আফ্রিকান ইউনিয়নের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২৮ থেকে ৩১ মে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হওয়ার কথা ছিল। আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারত-আফ্রিকা সম্পর্ক আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি করার পরিকল্পনা ছিল। তবে ইবোলা পরিস্থিতির কারণে আপাতত সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফ্রিকার মানুষের পাশে রয়েছে ভারত। ‘আফ্রিকা সিডিসি’ বা আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে সবরকম সহায়তা করবে ভারত সরকার।বিশেষজ্ঞদের মতে, ইবোলার সংক্রমণ নতুন করে মাথাচাড়া দেওয়ায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ছে। সেই কারণেই বড় জমায়েত এড়িয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।