পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০% ডিএ
নিজস্ব সংবাদদাতা :আসন্ন দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, পুজোর মাসেই অক্টোবরের বেতনের সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করা হবে। অর্থাৎ, পূর্বঘোষিত সময়ের আগেই কর্মচারীদের হাতে পৌঁছে যাবে বর্ধিত ডিএ-সহ বেতন। মুখ্যমন্ত্রী বলেন, "আইপিএসদের কথা বলছি না। তাঁরা কেন্দ্রীয় কাঠামো অনুযায়ী বেতন ও ডিএ পান। যাঁরা তাঁদের নীচে আছেন, তাঁদের কথাও ভাবা হচ্ছে। কেন্দ্রের সঙ্গে ৪২ শতাংশ ডিএ-র ব্যবধান ছিল। এক দিনে তা পূরণ করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে সেই ব্যবধান কমানো হবে।"তিনি আরও জানান, রাজ্য বাজেটে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল, তা বাস্তবায়নের জন্য অর্থসচিব ও অর্থমন্ত্রীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, "পুজোর মাসে, পুজোর আগেই অক্টোবর মাসের বেতন এবং ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের কাজ ও প্রয়োজনের দিকে আমাদের সরকার সবসময় নজর রাখছে।"এদিন সপ্তম বেতন কমিশন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অন্যান্য অনেক রাজ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে গিয়েছে। আমাদের রাজ্যে এখনও সপ্তম বেতন কমিশন চালু হয়নি। কমিশন গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট জমা পড়লেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।"উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। পরে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নভেম্বর মাসে অক্টোবরের বেতনের সঙ্গে ডিএ দেওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণায় সেই সময়সীমা এগিয়ে এনে দুর্গাপুজোর আগেই অক্টোবরের বেতন ও বর্ধিত ডিএ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।