জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের!

নিজস্ব সংবাদদাতা :  দীর্ঘদিনের মাওবাদী জীবন ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নিলেন প্রাক্তন মহিলা মাওবাদী সদস্য পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতার লালবাজারে নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামের বাসিন্দা পুষ্পা ২০০১ সালে সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেও সংগঠনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি মাওবাদী কার্যকলাপ ত্যাগ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণের পর পুষ্পা জানান, সরকারের পুনর্বাসন প্রকল্প এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগের আশ্বাসেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, বাসস্থান, জীবিকা এবং সামাজিক পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের ইতিবাচক উদ্যোগ তাঁকে নতুন করে জীবন শুরু করার সাহস জুগিয়েছে।