পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426!
নিজস্ব সংবাদদাতা : শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও পর্যটক পরিষেবাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'ট্রাফিক মার্শাল' পরিষেবা এবং পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর – 9800242426। অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, জেলাশাসক হরিশংকর পানিকের, ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
প্রশাসনের দাবি, নতুন ট্রাফিক মার্শাল পরিষেবা চালুর ফলে শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং পর্যটকদের যাতায়াতও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি, নতুন হেল্পলাইন নম্বরের মাধ্যমে পর্যটকরা যেকোনো প্রয়োজনে দ্রুত প্রশাসনিক সহায়তা পাবেন। শুধু শিলিগুড়ি শহরেই নয়, ডুয়ার্স, পাহাড় কিংবা সিকিমে ভ্রমণের পথে যদি কোনো পর্যটক সমস্যায় পড়েন, তাহলেও এই ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (9800242426)-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটকদের জন্য নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের পরিষেবা আরও উন্নত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।তিনি আরও জানান, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে পর্যটকদের সুবিধার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। সেই অ্যাপকে রাজ্যস্তরের কেন্দ্রীয় পর্যটন হেল্পলাইন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যাতে এক জায়গা থেকেই পর্যটকরা বিভিন্ন ধরনের পরিষেবা ও সহায়তা পেতে পারেন।প্রশাসনের মতে, এই উদ্যোগ শিলিগুড়িকে আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।