শালবনীতে তৃণমূলের শক্তি প্রদর্শন, বিশাল প্রতিবাদী বাইক র‍্যালিতে সরব কর্মী-সমর্থকরা!

সেখ ওয়ারেশ আলী : সংগঠনের ভিত আরও মজবুত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে শালবনী অঞ্চলে বৃহৎ প্রতিবাদী বাইক র‍্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। রবিবার শালবনীর বিভিন্ন গ্রাম ঘুরে এই বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা, স্লোগান এবং মোটরবাইকের দীর্ঘ মিছিল ঘিরে গোটা এলাকায় তৈরি হয় রাজনৈতিক উন্মাদনা।এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে সংগঠনের শক্তি প্রদর্শনের পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদের বার্তাও তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।র‍্যালি চলাকালীন পথের ধারে বহু মানুষ দাঁড়িয়ে এই কর্মসূচিকে সমর্থন জানান। বিভিন্ন গ্রামে মানুষের উৎসাহ ও অংশগ্রহণ নজর কাড়ে।

এই বাইক র‍্যালিতে উপস্থিত ছিলেন সন্দীপ সিংহ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, শালবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, উপপ্রধান সৌমেন ঘোষ সহ এলাকার অন্যান্য নেতৃত্ব এবং অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক।দলীয় নেতৃত্বের বক্তব্য, মানুষের পাশে থেকে কাজ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে শালবনী অঞ্চলে সংগঠনকে আরও সুসংহত করতে এই বাইক র‍্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।