শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা করলেনতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা থেকে তিনি এলাকার উন্নয়ন ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সাম্প্রতিক একাধিক সভাতেও তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে জনমুখী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেছেন।তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA) গঠনকে তিনি এই অঞ্চলের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন।

তাঁর দাবি, মন্দির চত্বরের সংস্কার, বৈদ্যুতিক চুল্লি স্থাপন, চার লেনের রাস্তা নির্মাণ, ব্রাহ্মণী নদীর উপর সেতু এবং হাসন বিধানসভা এলাকায় স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের ফলে গোটা এলাকার চেহারাই বদলে গিয়েছে।একই সঙ্গে তিনি জানান, হাসন কেন্দ্রে প্রায় ৮৪ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

রাজ্য সরকার বছরে প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয় করে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রেখেছে বলেও দাবি করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার-সহ জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েই তৃণমূল মানুষের দরজায় পৌঁছচ্ছে বলে সভা থেকে বার্তা দেন অভিষেক।ভোটের মুখে বীরভূমে এই বার্তা যে রাজনৈতিক তাৎপর্য বহন করছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে জেলা রাজনৈতিক মহলে।