সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

নিজস্ব সংবাদদাতা : কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন যুবক।

তাঁদের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা এবং কয়েকজনের হাতে চ্যালা কাঠ রয়েছে বলে দেখা যাচ্ছে।ভিডিওতে এক যুবককে অনুব্রতর টেবিলের উপর কাঠ দিয়ে আঘাত করতে দেখা যায়। এক পর্যায়ে তাঁর দিকে কাঠ এগিয়ে দেওয়া হয়। অন্য কয়েকজন যুবক আঙুল তুলে তাঁকে শাসাচ্ছেন বলেও ভিডিওতে দেখা গিয়েছে।ঘটনার সময় অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, “আমার কোনও ভুল থাকলে ক্ষমা করে দিও।” এরপর ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “ভাই, আরও ৫০টা ছেলে ডাক।”ভিডিওর আর একটি অংশে অনুব্রতকে বলতে শোনা যায়, “আমি অভিষেককে পছন্দ করি না।” তবে এই বক্তব্য কোন প্রেক্ষাপটে এবং কী পরিস্থিতিতে বলা হয়েছিল, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনাকে কেন্দ্র করে সিউড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। অফিসে ঢুকে ভাঙচুর এবং অনুব্রত মণ্ডলকে ঘিরে এই উত্তেজনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় এবং ভাঙচুরের প্রকৃত কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে।