জন্মদিনে নয় শুধু উৎসব, বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করল ছোট্ট সম্পূর্ণা!
সেখ ওয়ারেশ আলী : জন্মদিন মানেই সাধারণত কেক কাটা, খাওয়া-দাওয়া আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে মেতে ওঠা। তবে সেই চেনা উদ্যাপনের বাইরে গিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা দিব্যেন্দু কর্মকার।নিজের একমাত্র কন্যা সম্পূর্ণা কর্মকারের ষষ্ঠ জন্মদিনটি বাড়িতে নয়, বৃদ্ধাশ্রমের আবাসিক মায়েদের সঙ্গে উদ্যাপন করলেন তিনি। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন জনকল্যাণ ভবনে এই বিশেষ জন্মদিনের আয়োজন করা হয়।
পরিবারের সদস্যদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিক মায়েদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন দিব্যেন্দু কর্মকার ও তাঁর পরিবার। সম্পূর্ণার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আবাসিক মায়েদের সঙ্গে তৈরি হয় আন্তরিক ও আনন্দঘন পরিবেশ।
দিব্যেন্দু কর্মকার জানান, বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁদের আশীর্বাদে সম্পূর্ণা যেন জীবনে বড় হয়ে ওঠে এবং ভালো মানুষ হয়—এটাই তাঁর একান্ত কামনা।নিজেদের আনন্দকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের সঙ্গে ভাগ করে নিয়ে সম্পূর্ণার ষষ্ঠ জন্মদিনকে স্মরণীয় করে তুলল কর্মকার পরিবার।