হলদিয়াতে নন্দীগ্রামে শক্তি প্রদর্শন বিজেপির, দিলীপকে পাশে নিয়ে মনোনয়ন শুভেন্দুর; মমতাকে তীব্র আক্রমণ!
নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরের সব জল্পনায় যেন নতুন মাত্রা যোগ করল হলদিয়াতে মহকুমাশাসকের অফিসে সোমবারের শক্তি প্রদর্শন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দ্বন্দ্ব ভুলে কি তবে আবার কাছাকাছি এলেন Dilip Ghosh ও Suvendu Adhikari? সেই জল্পনাকেই আরও উসকে দিয়ে দিলীপ ঘোষকে পাশে নিয়েই বর্ণাঢ্য ট্যাবলো-শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।ভোটকে উৎসবের সঙ্গে তুলনা করে এদিন হলদিয়াতে জুড়ে ছিল কার্যত জনসমুদ্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর পাশাপাশি হলদিয়ার প্রার্থী প্রদীপ কুমার বিজলী, মহিষাদলের প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা এবং খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ একসঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। হলদিয়াতে মহকুমাশাসকের দফতরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী Dharmendra Pradhan, যা গোটা কর্মসূচিতে আলাদা রাজনৈতিক গুরুত্ব যোগ করেছে।মনোনয়ন জমা দেওয়ার আগে রেওয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কড়া ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর দাবি, “হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবেই। যারা রাম মন্দিরের বিরোধিতা করে, তারা সনাতনের ভূমি থেকে কখনও জিততে পারে না।”এদিন তিনি আরও বলেন, “আমি যদি সনাতন ও রাষ্ট্রের পক্ষে কাজ করি, তবে ২০২১ সালের মতো এবারও মানুষ আশীর্বাদ করবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।শিব মন্দিরে পুজোর পর শুভেন্দু হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে ‘বিজয় সংকল্প সভা’-তেও যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নির্বাচনী রণকৌশল ও ভোটবার্তা তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর একসঙ্গে এই শক্তি প্রদর্শন বিজেপি শিবিরে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল হতে পারে। ভোটের মুখে এই ছবি যে তৃণমূলসহ বিরোধী শিবিরের নজর কাড়বে, তা বলাই বাহুল্য।