বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, মেদিনীপুরে বিধায়কের উদ্যোগে লাড্ডু-চকলেট বিলিয়ে উৎসব

সেখ ওয়ারেশ আলী: নতুন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজ্যজুড়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার কর্মসূচি নেওয়া হয়।এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ৪১ পাতার একটি বিশেষ বই। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক এই বইয়ে সরকারের প্রথম ১০০ দিনের কাজ, নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার সকালে মেদিনীপুর বিধানসভা এলাকার বিধায়ক সেবা কেন্দ্রের পাশে এই উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত এর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন। পথচলতি সাধারণ মানুষের হাতে লাড্ডু ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি নতুন সরকারের ১০০ দিনের বিভিন্ন কাজ ও সাফল্যের কথা তাঁদের সামনে তুলে ধরেন দলীয় কর্মীরা। সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে সরকারের পাশে থাকার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানান তিনি।আগামী দিনেও সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান মেদিনীপুরের বিধায়ক। ১০০ দিন পূর্তিকে কেন্দ্র করে এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।