বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব, আহতদের দেখতে হাসপাতালে সিন্টু সেনাপতি!
সেখ ওয়ারেশ আলী : কেশপুরে দলীয় কর্মসূচির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়াল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস এবং দলের রাজ্য সম্পাদক তথা পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। উল্লেখ্য, গত ৬ জুলাই কেশপুর বিধানসভার ১ নম্বর মণ্ডলের বুড়াপাট পাঁচকুড়ি এলাকায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের সময় শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মী পাপাই পানের মৃত্যু হয় এবং কেশপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার-সহ আরও তিনজন আহত হন।
বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে বিজেপি নেতৃত্ব আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তাঁরা নিহত পাপাই পানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।
বিধায়ক সিন্টু সেনাপতি জানান, নিহতের পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। বিজেপির পক্ষ থেকেও পাপাই পানের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।