বিজেপির সরকার গঠনের তৎপরতা শুরু, কলকাতায় পৌঁছে গুরুত্বপূর্ণ বৈঠকে শাহ

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র জল্পনার আবহের মধ্যেই শুক্রবার কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা।বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দির-এ যান শাহ। সেখানে পুজো দেওয়ার পর তিনি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছন। বিজেপি সূত্রে খবর, দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।সূত্রের খবর, বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত শাহ। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহনচরণ মাঝি-কে। বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা নির্বাচনের মাধ্যমে কার্যত মুখ্যমন্ত্রীর নামই ঘোষণা করা হয়। কারণ এবার বিধানসভায় সরকার গঠনের পথে বিজেপি, ফলে পরিষদীয় দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।এদিকে নিউ টাউনের হোটেলে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। বৈঠকের আগে সেখানে উপস্থিত থাকতে পারেন শাহ ও দলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাতে ওই হোটেলেই থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার সকালে সেখান থেকে তিনি সরাসরি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ, যেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।কে হচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী, তা নিয়ে বিজেপির অন্দরেই তুঙ্গে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শুভেন্দু অধিকারী-র নামেই শেষ পর্যন্ত সিলমোহর পড়তে পারে। তবে শেষ মুহূর্তে অন্য কোনও চমকও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।সূত্রের দাবি, শুক্রবার সন্ধ্যার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যেতে পারে। এরপর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন বিজেপির পরিষদীয় দলনেতা তথা হবু মুখ্যমন্ত্রী।