ড. রজনীকান্ত দোলইয়ের অষ্টম প্রয়াণবার্ষিকীতে ১০৪ জনের রক্তদান, দুঃস্থদের পাশে স্মৃতি ট্রাস্ট!
নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. রজনীকান্ত দোলইয়ের অষ্টম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মেদিনীপুর শহরের নজরগঞ্জে আয়োজিত হলো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি। বুধবার, ১৯ আগস্ট রয়্যাল একাডেমি স্কুল ও প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রক্তদান শিবির, স্মরণসভা, স্মৃতি সম্মান প্রদান এবং দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, সত্যব্রত দোলই-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মোট ১০৪ জন রক্তদাতার মধ্যে ছিলেন ৩১ জন মহিলা। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার।
রক্তদান শিবিরটি শতাধিক রক্তদাতার অংশগ্রহণে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। শিবির আয়োজনে সহযোগিতা করে Midnapore District Voluntary Blood Donors' Forum।অনুষ্ঠানের অপর পর্বে ড. রজনীকান্ত দোলইয়ের জীবন ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মৃতি সম্মান প্রদান করা হয়। দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত ড. রজনীকান্ত দোলইয়ের আদর্শ ও মানবসেবার ভাবনাকে সামনে রেখে নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য।এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া সকল রক্তদাতাকে সম্মান জানানো হয়। পাশাপাশি ড. রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্টের সদস্য এবং রয়্যাল একাডেমি স্কুলের সংশ্লিষ্ট সকলকে এমন মহতী আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।