খড়গপুরে নিকাশি নালা থেকে দেহ উদ্ধার, রেলকে ঘিরে গাফিলতির অভিযোগে তীব্র চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা :  ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল Kharagpur শহরে। গোলবাজার মাছ মার্কেট সংলগ্ন রেলের নিকাশি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকাটি রেলের অধীন এবং সেখানে একটি বড় নিকাশি নালা রয়েছে। এদিন সকালে বাজারে যাওয়া মানুষজন নালার জলে একটি দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে।পুলিশের প্রাথমিক অনুমান, বুধবার গভীর রাতে অসাবধানতাবশত প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তি নালায় পড়ে যান এবং সেখান থেকে আর উঠতে পারেননি। পরদিন সকালে তাঁর দেহ ভেসে ওঠে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। খড়গপুর সদর বিধানসভা এলাকার তৃণমূল নেতা প্রদীপ সরকার রেলের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার না করায় সাধারণ মানুষের জন্য তা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে। তাঁর দাবি, এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।একই সুরে ক্ষোভ উগরে দেন খড়গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ। তিনি জানান, রেল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণে রেলের গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন, অনেক সময় পুরসভার পক্ষ থেকেই পরিষ্কার করতে হয়।যদিও Indian Railways-এর খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার জানান, রেলের পক্ষ থেকে নিয়মিত নিকাশি নালা পরিষ্কারের কাজ করা হয় এবং এই ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে।ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।