২৬ বছর পর বাংলায় নতুন করে শুরু হোক— শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর বার্তা অনুপম খেরের!

নিজস্ব সংবাদদাতা : প্রায় ছাব্বিশ বছর পর আবারও বাংলা সিনেমা প্রযোজনার কাজে ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক অনুপম খের। সেই সূত্রেই সম্প্রতি কলকাতায় এসেছেন তিনি। শহরে এসে শুক্রবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অনুপম খের। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলার উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।অনুপম খের বলেন, “খুব ভালো লাগছে যে শুভেন্দুবাবু পরিবর্তন আনার চেষ্টা করছেন। এতে বাংলার মঙ্গলই হবে। তিনি বাংলাকে আরও উন্নত করতে চান, আর সেই সম্ভাবনাও রয়েছে।”নিজের আসন্ন বাংলা ছবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমাদের ছবির নাম ‘শুরু থেকে শুরু’। সেই কথাই ধার করে বলতে চাই, বাংলাতেও নতুন করে শুরু হোক। নতুন সম্ভাবনা ও উন্নয়নের পথে এগিয়ে যাক রাজ্য।”অনুপম খেরের এই মন্তব্য রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলা ছবির প্রযোজনায় দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তনের পাশাপাশি কলকাতা সফরে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ এবং উন্নয়ন নিয়ে তাঁর মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।