পড়ুয়াদের পাশে অরিজিৎ সিং, দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে সরব গায়ক!
নিজস্ব সংবাদদাতা : আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি ককরোচ জনতা পার্টি (CJP)-র সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লি পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানান তিনি।নিজের এক্স হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!”
এর পাশাপাশি পরিবর্তনের প্রসঙ্গ তুলে গায়ক লেখেন, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।”অরিজিৎ সিংয়ের এই প্রতিবাদী পোস্ট মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বহু মানুষ তাঁর অবস্থানের প্রশংসা করলেও, নেটিজেনদের একাংশ তাঁর বক্তব্যের বিরোধিতাও করেন। তবে এক ক্ষুব্ধ ভক্তের মন্তব্যের জবাবে অরিজিৎ যেভাবে শান্ত থেকে, কিন্তু স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তা নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।