‘একদিন তো আমাকে যেতেই হবে’—কনসার্টে মৃত্যুর প্রসঙ্গে আবেগপ্রবণ লাকি আলি, ভাইরাল ভিডিও!
নিজস্ব সংবাদদাতা : নব্বইয়ের দশক থেকে আজও অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে রয়েছেন গায়ক লাকি আলি। ‘ও সানাম’, ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘দেখা হ্যায় অ্যায়সে ভি’, ‘সফরনামা’-র মতো একাধিক জনপ্রিয় গান দিয়ে একাধিক প্রজন্মের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এখনও বিভিন্ন কনসার্টে নিজের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি।সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার মাঝেই জীবনের অনিবার্য পরিণতি অর্থাৎ মৃত্যুর প্রসঙ্গ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই শিল্পী। সেই মুহূর্তের একটি ভিডিও তিনি পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।দর্শকদের উদ্দেশে লাকি আলি বলেন, তিনি তাঁর ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি অনুভব করেন এবং তিনিও তাঁদের ভালোবাসেন। তবে জীবনের একটি সময় সবাইকেই চলে যেতে হয়—এই বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “একদিন তো আমাকে যেতেই হবে, তাই না। আমি তোমাদের এর জন্য প্রস্তুত করছি না, কিন্তু আমি আসলে প্রস্তুত।”এরপর নিজের ব্যক্তিগত অভ্যাসের কথাও জানান শিল্পী। তিনি বলেন, ভ্রমণের সময় সবসময় তাঁর সঙ্গে ইহরাম থাকে, যা তিনি নিজের দাফনের পোশাক হিসেবে উল্লেখ করেন। লাকি আলির কথায়, “আমি যখনই ভ্রমণ করি, আমার ইহরাম সঙ্গে নিয়ে যাই, যা আমার দাফনের পোশাক। যেখানেই মরে যাই, সেখানেই আমাকে কবর দিও।”তাঁর এই বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লাকি আলির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। কেউ লিখেছেন, যতদিন জীবন আছে ততদিন যেন তিনি হাল না ছাড়েন। আবার কারও মন্তব্যে উঠে এসেছে নব্বইয়ের দশকের স্মৃতি—লাকি আলির গান শুনে বড় হয়ে ওঠা প্রজন্মের কাছে তিনি এখনও সেই চিরতরুণ শিল্পী।লাকি আলির এই বক্তব্য ফের মনে করিয়ে দিল, সময় বদলালেও কিছু শিল্পী ও তাঁদের গান মানুষের স্মৃতিতে থেকে যায়—প্রজন্মের পর প্রজন্ম।