৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে সকলের জন্য উন্মুক্ত করার দাবি, মহাজাতি সদনে প্রকাশনা জগতের বিশেষ বৈঠক!
নিজস্ব সংবাদদাতা: আগামী বছরের ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কোনও একক সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এনে সকল প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য সমানভাবে উন্মুক্ত করার দাবি তুলেছে প্রকাশনা জগতের একাংশ। এই বিষয়কে সামনে রেখেই রবিবার কলকাতার মহাজাতি সদনে সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানে ৭০০-রও বেশি প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতা অংশ নেবেন। সেখানে আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার রূপরেখা, পরিচালনা এবং অংশগ্রহণের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।সংগঠনের অন্যতম আহ্বায়ক দেবজিৎ সরকার বলেন, "৫০তম কলকাতা বইমেলা এমন হওয়া উচিত, যেখানে কোনও গোষ্ঠীর একচেটিয়া প্রভাব থাকবে না। বইমেলা গোটা বাংলার প্রকাশনা জগতের, তাই সব প্রকাশক ও সংগঠনের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।"সংগঠনের সদস্য সপ্তর্ষি চৌধুরি জানান, বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-রও বেশি প্রকাশনা জগতের প্রতিনিধি যোগ দেবেন।আয়োজকদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে কলকাতা বইমেলার আয়োজনে কয়েকটি প্রকাশনা সংস্থার একচেটিয়া প্রভাব ছিল। তাঁদের দাবি, সরকারের সমালোচক বা ভিন্ন মতের কিছু প্রকাশক অনেক সময় বইমেলায় অংশগ্রহণের সুযোগ পাননি।দেবজিৎ সরকার আরও বলেন, "কলকাতা বইমেলা শুধুমাত্র একটি সংগঠনের অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি ও প্রকাশনা শিল্পের অন্যতম বৃহৎ উৎসব। এই শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। তাই কলেজ স্ট্রিটের প্রকাশক সংগঠনের পাশাপাশি জেলার বিভিন্ন প্রকাশক ও তাঁদের সংগঠনগুলিকেও আগামী বইমেলায় যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।"