বড়সড় গরু পাচার রুখল চন্দ্রকোনা থানার পুলিশ, গ্রেফতার ১

সুমন মণ্ডল: আবারও বড় সাফল্য চন্দ্রকোনা থানার পুলিশের। রাতের অন্ধকারে গাড়িতে করে গরু পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১১টি গরু উদ্ধার করল চন্দ্রকোনা থানার পুলিশ। একইসঙ্গে পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘাটাল-চন্দ্রকোনা রোড রাজ্য সড়ক ধরে একটি গাড়িতে করে ১১টি গরু নিয়ে চন্দ্রকোনা রোডের বগুড়া এলাকা থেকে উলুবেড়িয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ বক্সীর বাগান এলাকায় নাকা তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সন্দেহজনক গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে গরু গুলিকে উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের দ্রুত অভিযান এবং বিপুল সংখ্যক গরু উদ্ধারের ঘটনাকে চন্দ্রকোনা থানার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।