নিজস্ব সংবাদদাতা:মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে পাহাড় থেকে পড়ে মৃত্যু হল বাবা, মা ও তাঁদের ১৮ বছরের ছেলে কুণাল চাঁদওয়াড়ের। তিসগাঁওয়ের কাছে ‘খাওড়িয়া ডোঙ্গার’-এ ঘটনাটি ঘটে।মৃত্যুর আগে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা কুণালকে বারবার সরে আসার জন্য কাকুতিমিনতি করতে দেখা যায় তাঁর মা সঙ্গীতাকে। ভাইরাল হওয়া ভিডিয়োয় তাঁকে কাঁদতে কাঁদতে ছেলের কাছে হাত-পায়ে ধরার কথাও বলতে শোনা যায়। স্থানীয় বাসিন্দা ও এক পুলিশকর্মীও কুণালকে বোঝানোর চেষ্টা করেন। এরপর কুণালের বাবা মুরলীধর ছেলের হাত ধরে তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করেন। সেই সময় দু’জনই খাদে পড়ে যান। স্বামী ও ছেলের এই পরিণতি দেখে সঙ্গীতাও খাদে ঝাঁপ দেন। তিনজনেরই মৃত্যু হয়।জানা গিয়েছে, কুণাল তাঁর বাবার কাছে ইএমআই-এর টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েছিলেন। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তিনি তিসগাঁওয়ের কাছে ওই পাহাড়ি এলাকায় পৌঁছে যান। ছেলের খবর পেয়ে পরে সেখানে পৌঁছন তাঁর বাবা-মা। স্থানীয়রাও ঘটনাস্থলে জড়ো হয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। এমনকি তাঁকে শান্ত করতে আইফোন কিনে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রচেষ্টাই কাজে আসেনি। এদিকে,মর্মান্তিক ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন নেটাগরিকেরা।