শুটিং সেটে ব্রেনস্ট্রোক, নীরবে পাশে ছিলেন সলমন,বললেন ‘আশিকি’ খ্যাত রাহুল রায়!
নিজস্ব সংবাদদাতা: ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘আশিকি’ দিয়ে রাতারাতি বলিউডে ঝড় তুলেছিলেন রাহুল রায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুপোলি পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। ২০২০ সাল তাঁর জীবনে নিয়ে আসে এক কঠিন অধ্যায়—অসুস্থতা, হাসপাতাল আর দীর্ঘ চিকিৎসার লড়াই। ২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁর মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি সহ একাধিক চিকিৎসা করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার ফলে হাসপাতালের বিল দাঁড়ায় লক্ষ লক্ষ টাকায়।
ঠিক সেই সময়েই রাহুলের পাশে দাঁড়ান বলিউড সুপারস্টার সলমন খান। জানা গিয়েছে, রাহুল রায়ের চিকিৎসার প্রায় সমস্ত খরচই বহন করেন সলমন। শুধু তাই নয়, নিজে ফোন করে খোঁজ নেন—আর কোনও সাহায্যের প্রয়োজন আছে কি না। বাকি থাকা বিলও পরে মিটিয়ে দেন তিনি। সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাহুল রায় বলেন,“অনেকে সলমনকে নিয়ে নানা কথা বলেন। কিন্তু আমার কাছে উনি সত্যিই খুব ভাল মানুষ। উনি আমাকে সাহায্য করেছেন, অথচ তা নিয়ে কখনও প্রচারের আলো চাননি।”এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কা। তিনিই সলমনের সাহায্যের বিষয়টি প্রকাশ্যে আনেন। প্রিয়ঙ্কা বলেন, “আমি সলমন খানকে ধন্যবাদ জানাতে চাই। চিকিৎসার সময় যা যা বিল বাকি ছিল, সবটাই উনি মিটিয়ে দিয়েছেন। এত বড় সাহায্য করার পরেও উনি সংবাদমাধ্যমে একটি কথাও বলেননি। সত্যিই অসাধারণ মনের মানুষ।”
উল্লেখ্য, রাহুল অসুস্থ হয়ে পড়ার পর ‘এলএসি’ ছবির পরিচালকও তাঁর চিকিৎসার খরচে কিছুটা সাহায্য করেছিলেন। তবে সবচেয়ে বড় আর্থিক সহায়তা এসেছিল সলমন খানের দিক থেকেই। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানো—এই মানবিক দিকটাই সলমন খানের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কারণ বলে জানিয়েছেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়।