বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের, ফিরলেন নেইমার!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে সাজানো এই দলে দীর্ঘদিন পর ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন লিভারপুলের আলিসন, ফেনারবাহচের এদারসন এবং গ্রেমিওর ওয়েভারটন। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন প্যারিস সেন্ট জার্মেইনের মারকুইনহোস ও জুভেন্টাসের ব্রেমার। এছাড়াও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস, ফ্লামেঙ্গোর লেও পেরেইরা ও দানিলোসহ একাধিক অভিজ্ঞ ডিফেন্ডার দলে সুযোগ পেয়েছেন।

আলিসন

মিডফিল্ডে রয়েছেন নিউক্যাসলের ব্রুনো গিমারায়েস, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো এবং আল-ইত্তিহাদের ফাবিনহো। আক্রমণভাগে সবচেয়ে বড় চমক তরুণ এন্ড্রিক ও বোর্নমাউথের রায়ান। পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মাতেউস কুনিয়া। বিশেষ নজর কেড়েছে নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ফলে বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। সমর্থকদের প্রত্যাশা, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল আবারও বিশ্ব ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে।

রাফিনিয়া

ব্রাজিলের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: অ্যালিসন, এদেরসন, ওয়েভারতন

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা

আক্রমণভাগ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, মাতেউস কুনহা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিক, নেইমার, রায়ান