রেকর্ড ভেঙে ইতিহাস—মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে সিবিএসই-তে নজিরবিহীন সাফল্য!
নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যের সাক্ষী থাকল মেদিনীপুরের ডিএভি পাবলিক স্কুল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিবিএসই বোর্ড পরীক্ষায় গত বছরের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।এবারের পরীক্ষায় ৯৯.৪% নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে আদিত্য মুখার্জি ও অনুষ্কা বাগ। তাঁদের এই ফলাফল অল ইন্ডিয়া স্তরেও সম্ভাব্য চতুর্থ স্থানের দাবি রাখছে। ৯৯.২% নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিবম দাস এবং ৯৯% নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে দেবশ্রীত পান্ডা।শুধু মেধাতালিকাতেই নয়, সামগ্রিক ফলাফলেও নজর কেড়েছে বিদ্যালয়।
মোট ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে সবাই। এর মধ্যে ৮১ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে, যা বিদ্যালয়ের শিক্ষার মানকে আরও একবার প্রমাণ করে।উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গের ২১টি ডিএভি স্কুলের মধ্যে গড় নম্বরের নিরিখে দ্বিতীয় স্থান অর্জন করেছে মেদিনীপুরের এই প্রতিষ্ঠান।ছাত্রছাত্রীদের এই অসামান্য সাফল্যে অত্যন্ত খুশি বিদ্যালয়ের অধ্যক্ষ N K Gautam। তিনি জানান, “এই ফলাফল ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। তারা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে, ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।