এক গান, দুই কিংবদন্তি, সময় পেরিয়েও উজ্জ্বল আশা–ব্রেট লি রূপকথা!

নিজস্ব সংবাদদাতা : একজন ছিলেন গতির রাজা, আরেকজন সুরের সম্রাজ্ঞী। একজন ব্রেট লি। যাঁর বলের গতিতে কাঁপত বিশ্বসেরা সব ব্যাটাররা। অন্যদিকে আশা ভোঁসলে। যাঁর কণ্ঠে মোহিত হত অগণিত হৃদয়। আশা ও ব্রেট লি-র জগৎ সম্পূর্ণ ভিন্ন। একজনের আকাশ ব্যাট-বলের দ্বৈরথের। আরেকজনের আকাশে সুরের মায়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার Brett Lee স্মৃতিচারণ করে জানিয়েছেন, ২০০৬ সালে কিংবদন্তি গায়িকা Asha Bhosle-র সঙ্গে ‘You’re the One for Me’ গানটি লেখা ও রেকর্ড করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সৌভাগ্য। এই অভিজ্ঞতার জন্য তিনি আজও গভীরভাবে কৃতজ্ঞ।ব্রেট লির কথায়, তাঁর মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে শুধু আশা ভোঁসলের অসাধারণ সঙ্গীত প্রতিভা নয়, বরং তাঁর অসামান্য সৌজন্য, বিনয় ও মানবিকতা। জীবনে এত বিপুল সাফল্যের শিখরে পৌঁছেও তিনি যে উষ্ণতা ও উদারতার সঙ্গে সকলের সঙ্গে মিশতেন, তা তাঁকে মুগ্ধ করেছিল।

তবু কখনও কখনও জীবন এমনই অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে। একদিন, গতি আর সুরের এই দুই জগতের দেখা হয়েছিল। দুই মিলেমিশে তৈরি করেছিল এক অন্য গল্প। যা রূপকথা হয়ে রয়েছে এখনও। আসা ভোঁসলের প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্মৃতিমেদুর সঙ্গীত ও ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে ফুটে উঠছে সেই রূপকথাই।

মানুষের মৃত্যু হয়। কিন্তু রূপকথার মৃত্যু হয় না। তা জীবনের সঙ্গে মিশে জীবনের গল্প হয়েই থেকে যায়। এই কঠিন সময়ে তিনি আশা ভোঁসলের পরিবার, পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি গভীর সমবেদনা ও শুভকামনা জানিয়েছেন। ব্রেট লি আরও বলেন, এমন এক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে জীবনের অল্প কিছু সময়ও ভাগ করে নিতে পারা তাঁর কাছে পরম সৌভাগ্যের, যা তিনি সারাজীবন মনে রাখবেন।