গড়বেতার লোখাটাপোলে ভাঙা সাঁকো,মাসের পর মাস দুর্ভোগ! নৌকায় মোটরবাইক পারাপারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের লোখাটাপোলে শিলাবতী নদীর উপর বাঁশের অস্থায়ী সাঁকো ভেঙে যাওয়ার পর মাসের পর মাস ধরে চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। আর সেই নৌকাতেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরবাইক-সহ বিভিন্ন যানবাহন পারাপার করছেন সাধারণ মানুষ।সোমবার বিকেলে এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো এদিনও শতাধিক মানুষ নৌকায় করে শিলাবতী নদী পার হচ্ছেন। কেউ কর্মস্থলে, কেউ স্কুল-কলেজে, আবার কেউ জরুরি প্রয়োজনে নদী পার হতে বাধ্য হচ্ছেন। নৌকায় মোটরবাইক ও অন্যান্য যানবাহন ওঠানামা করায় যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয়দের দাবি, লোখাটাপোলের এই সাঁকো তিনটি এলাকার কয়েক হাজার মানুষের অন্যতম প্রধান যাতায়াতের পথ। বহু ছাত্রছাত্রীও প্রতিদিন এই পথ ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে। সাঁকো ভেঙে যাওয়ার পর থেকেই পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ গ্রামবাসীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ চোখে পড়ছে না। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সেতু নির্মাণের পাশাপাশি, ততদিন পর্যন্ত নিরাপদ অস্থায়ী পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।এখন দেখার, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ করে।