ভোটের টানে বাস উধাও! দ্বিতীয় দফার আগে চরম ভোগান্তির আশঙ্কায় মেদিনীপুরের যাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার নির্বাচনের ধাক্কা এখনও কাটেনি, তার মাঝেই ফের পরিবহন সংকটে পড়তে চলেছেন পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষ। দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে জেলা থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস তুলে নেওয়ায় নিত্যযাত্রীদের কপালে ফের দুর্ভোগের ভাঁজ।প্রশাসনিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার মধ্যেই প্রায় ৬৫০টি বাস মেদিনীপুর থেকে রওনা দিয়েছে Barasat এবং Hooghly-এর উদ্দেশ্যে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বাসগুলি মূলত ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে।প্রথম দফার সময়েও বাসের অভাবে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ যাত্রীরা। দ্বিতীয় দফায় একই পরিস্থিতি আরও তীব্র আকার নিতে পারে বলেই আশঙ্কা। বাসমালিক ও প্রশাসনের অনুমান, ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিন পর্যন্ত রাস্তায় বাসের সংখ্যা থাকবে অত্যন্ত কম।সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গ্রামীণ রুটের যাত্রীরা। জরুরি প্রয়োজনে—বিশেষ করে চিকিৎসা বা কাজের জন্য—বাড়ির বাইরে বেরোতে হলে অনেককেই ভরসা করতে হবে ছোট বেসরকারি গাড়ির উপর, যার খরচও তুলনামূলক বেশি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দফায় দফায় জেলা থেকে এত বিপুল সংখ্যক বাস সরিয়ে নেওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে। বিকল্প পরিবহন ব্যবস্থার অভাবে আগামী কয়েকদিন রাস্তায় নামা মানেই অনিশ্চয়তা—গন্তব্যে পৌঁছানোই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ।