পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
অভিজিৎ সাহা:পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড়ুর মাদুরান্থাকম ও ধর্মপুরম, অসমের নগাঁও এবং পুদুচেরির থাট্টাঞ্চাভাডি বিধানসভা কেন্দ্রে।নন্দীগ্রাম ও রেজিনগরে আসন শূন্য হওয়ার কারণও প্রায় একই। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হন। পরে ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম থেকে পদত্যাগ করেন তিনি। ফলে নন্দীগ্রাম আসনটি শূন্য হয়ে যায়।অন্যদিকে, রেজিনগর থেকে নির্বাচিত হুমায়ুন কবীরও নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। পরে নওদা আসনটি রেখে রেজিনগর থেকে পদত্যাগ করায় ওই কেন্দ্রেও উপনির্বাচনের প্রয়োজন হয়।রাজনৈতিকভাবে নন্দীগ্রামের উপনির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। ফলে ফের নন্দীগ্রামের মাটিতে ভোটের লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।অন্যদিকে, রেজিনগরের রাজনৈতিক সমীকরণ আলাদা। স্থানীয় জনবিন্যাস ও দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে এই কেন্দ্রে লড়াই যে সহজ হবে না, তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।পুজোর মুখে দুই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণায় রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রভাব কতটা অটুট থাকে এবং রেজিনগরে কোন দল শেষ হাসি হাসে—এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।