ফেসবুক লাইভে সরকার বদলের ডাক, সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল!
নিজস্ব সংবাদদাতা : বিতর্কিত মন্তব্য করে বড়সড় শাস্তির মুখে পড়লেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। উর্দি পরে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সরকার বদলের ডাক দেওয়ার অভিযোগে অভিযুক্ত রামকৃষ্ণ কয়ালকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ-এর সদর দফতর লালবাজার।অভিযোগ, উর্দি পরেই ফেসবুকে লাইভ করেন ওই কনস্টেবল এবং সেখানে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন। ভিডিওতে তিনি পুলিশকে ‘চটিচাটা’ ও ‘দলদাস’ বলে কটাক্ষ করেন বলেও অভিযোগ। পাশাপাশি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষকে সরকার পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করে লালবাজার। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শৃঙ্খলাভঙ্গ ও পরিষেবার নীতিবিরোধী আচরণের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে পুলিশ মহলে শুরু হয়েছে জোর আলোচনা।