মেদিনীপুরে বিজ্ঞানচর্চার আহ্বান, ৪০ বছর পূর্তিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশেষ কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এবং সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের পঞ্চম সভা উপলক্ষে মেদিনীপুরে অনুষ্ঠিত হল শংকর চক্রবর্তী স্মারক বক্তৃতা। এবারের কর্মসূচির মূল আহ্বান ছিল— "বিজ্ঞানের আলো, প্রতি ঘরে জ্বালো"।রবিবার মেদিনীপুর শহরের বার্জটাউনে এবিপিটিএ হল-এ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিজ্ঞান আন্দোলনের অন্যতম সংগঠক শংকর চক্রবর্তী-র প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিনের স্মারক বক্তৃতায় "রবীন্দ্রনাথ ও বর্তমান পরিবেশের সংকট" বিষয়ের ওপর বিশদ আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক প্রদীপ মহাপাত্র। তিনি রবীন্দ্রনাথের প্রকৃতিচিন্তা, পরিবেশ-ভাবনা এবং বর্তমান পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের সম্পাদক সুধাপদ বসু, সভাপতি সুজাতা মাইতি, কার্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী, সহ-সভাপতি কালীপদ প্রধান-সহ সংগঠনের জেলা নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজ্ঞানকর্মীরা। আলোচনা সভায় বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা, কুসংস্কার দূরীকরণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞান আন্দোলনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ও যুক্তিবাদী চিন্তার প্রসারই সমাজকে আরও প্রগতিশীল ও সচেতন করে তুলতে পারে।